যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি নিশ্চিত: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, শান্তির সময়ে পুলিশ যুদ্ধে লিপ্ত থাকে। এ যুদ্ধ অশান্তির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যারা সমাজের শান্তি, নিরাপত্তা বিঘ্ন করতে চায় তাদের বিরুদ্ধে। আমরা ২৪ ঘণ্টা এ যুদ্ধে লিপ্ত। যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি নিশ্চিত।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে এ কথা বলেন আইজিপি।
বেনজীর আহমেদ বলেন, ২০১৭ সাল থেকে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপিত হচ্ছে। সে ধারাবাহিকতায় আজ আবার একত্রিত হয়েছি আমরা। ২০২১ সালে আমরা ৩৪৬ জন সহকর্মীকে হারিয়েছি, এরমধ্যে ১৩৮ জনকে কর্তব্যরত অবস্থায় হারিয়েছি। হিরোকে যে জাতি স্বীকৃতি দিতে পারে না, সে জাতি হিরো তৈরি করতে পারে না।
বাঙালিকে বীরের জাতি আখ্যায়িত করে তিনি বলেন, ১৯৭১ সালে আমরা প্রমাণ করেছি জাতিগত বীরেরা কি করতে পারে। যখনই সুযোগ পেয়েছে বাঙালি জাতি প্রমাণ করেছে আমরা হিরো।
আইজিপি বলেন, শান্তির সময়ে পুলিশ যুদ্ধে লিপ্ত থাকে। এ যুদ্ধ অশান্তির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যারা সমাজের শান্তি, নিরাপত্তা বিঘ্ন করতে চায় তাদের বিরুদ্ধে। আমরা ২৪ ঘণ্টা এ যুদ্ধে লিপ্ত। যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি নিশ্চিত। আমরা যেহেতু প্রতিনিয়ত রাষ্ট্রীয় নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার জন্য যুদ্ধ করছি, সেজন্য আমরা প্রতি বছর আত্মত্যাগও করছি।
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের অবদানের কথা স্মরণ করে আইজিপি বলেন, তাদের আত্মার মাগফেরাত কামনা, পরিবারের জন্য সমবেদনা এ দুই লাইন পর্যাপ্ত নয়। আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, প্রিয় মুখকে হারিয়েছে পরিবার।
তিনি বলেন, কোন কোন ক্ষেত্রে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি হুমকির মুখে পরে। এর বিরাট একটা অনুকরণ রয়েছে। সেই পরিবারটিকে ঘুরে দাড়াতে আরও ২০ বছর লাগে, সেই পরিবারটিকে কিসের মধ্য দিয়ে যেতে হয় তা তারাই বুঝে। আমরা তাদেরকে সর্বোচ্চ মহিমান্বিত দৃষ্টিতে মূল্যায়ন করে থাকি। আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিপন্ন পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
পুলিশ মহাপরিদর্শক বলেন, যেহেতু আমরা সবসময় যুদ্ধাবস্থার মধ্যে থাকি, প্রফেশনাল সেফটি নিশ্চিতেও চেষ্টা করে যাচ্ছি। কোন সদস্য অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হয়।
ড. বেনজীর আহমেদ বলেন, আমরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি। ঢাকায় একটি ডিভিশনাল হাসপাতাল স্থাপন করা হচ্ছে।
পুলিশের কাজের পরিধি উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, বলা হয়ে থাকে জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেটা পুলিশি দায়িত্বের বাইরে পড়ে। তিনি পুলিশের নিজ দায়িত্বের বাইরে ‘ডেভেলপমেন্ট পুলিশিং’ কনসেপ্ট নিয়ে সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করা যায় বলে মতামত ব্যক্ত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন বলেন, পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষার মত চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করে থাকে। এ কাজগুলো বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। এগুলো ঠিকমতো বাস্তবায়ন না হলে সমাজে মারাত্মক বিশৃঙ্খলা ঘটে, উন্নয়ন বাধাগ্রস্থ হয়। পুলিশ এ দায়িত্ব সঠিকভাবে পালন করছে।
তিনি বলেন, পুলিশের ছোটখাট কোন ঘটনা ঘটলে আমরা তা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি। তার চেয়ে আমরা এমন ভাবতে পারি যে, পুলিশ জেগে থাকে বলেই রাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি। পুলিশকে সবসময় সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। ছোটখাট ভুল হলে আমরা তা সংশোধনের জন্য পরামর্শ দিতে পারি।
সিনিয়র সচিব কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি, তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে তাদের পরিবারের যোগ্য সদস্যদের অগ্রাধিকার দেয়ার আহবান জানান তিনি।
পরে আইজিপি ও সিনিয়র সচিব মঞ্চ থেকে দর্শক সারিতে নেমে এসে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৭ জন পুলিশ সদস্যদের পরিবারের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন। তখন স্বজন হারানো পরিবারের সদস্যরা তাদের আবেগ ধরে রাখতে পারেননি।
জীবন উৎসর্গকারী বাকি সদস্যদের পরিবারকে মেট্রোপলিটন, রেঞ্জ এবং জেলায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৩৮ জন পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এক জন, সহকারী পুলিশ সুপার এক জন, ইন্সপেক্টর দশ জন, সাব-ইন্সপেক্টর ২৩ জন, সার্জেন্ট এক জন, এএসআই ১৯ জন, নায়েক দুই জন ও কনস্টেবল ৮১ জন রয়েছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

