৫০ শয্যার হাসপাতালে ২০০ রোগী, চিকিৎসা সেবা দিতে হিমশিম
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ দিন দিন বেড়েই চলেছে। ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ২০০ জনেরও বেশি রোগী ভর্তি থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। ধারণক্ষমতার চারগুণ রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এ অবস্থায় হাসপাতালটিকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নদীবেষ্টিত ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই এ এলাকার মানুষের প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র। শুধু কমলনগর নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও প্রতিদিন অসংখ্য রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে বহির্বিভাগ ও অন্তর্বিভাগ—উভয় ক্ষেত্রেই রোগীর চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।
হাসপাতালের ৫০টি শয্যার বিপরীতে বর্তমানে ২০০ জনেরও বেশি রোগী ভর্তি থাকায় অনেককে ওয়ার্ডের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। প্রতিদিন সকাল থেকেই বহির্বিভাগে চিকিৎসাপ্রার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। জরুরি ও গুরুতর রোগীদেরও ভর্তি রেখে চিকিৎসাসেবা দিতে হচ্ছে সীমিত অবকাঠামোর মধ্যেই।
সীমিত জনবল ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি থাকা সত্ত্বেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে অতিরিক্ত রোগীর চাপের কারণে তাদের ওপর বাড়ছে শারীরিক ও মানসিক চাপ, যা সেবার মান বজায় রাখার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কমলনগরের জনসংখ্যা এবং আশপাশের এলাকার রোগীদের চাহিদার তুলনায় ৫০ শয্যার হাসপাতাল অনেক আগেই অপ্রতুল হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন শত শত মানুষ এখানে আসলেও শয্যা সংকট ও জনবলের সীমাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।
এলাকাবাসীর দাবি, স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কমলনগরসহ আশপাশের কয়েক লাখ মানুষ আরও মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাবেন।
জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

