সম্পত্তি না লিখে দেওয়ার ‘অপরাধে’ ঘরছাড়া ১১৫ বছরের বৃদ্ধ বাবা ও ৯০ বছরের মা
লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্তানদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় ১১৫ বছরের বৃদ্ধ বাবা ও ৯০ বছরের মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের তিন ছেলের বিরুদ্ধে। আশ্রয়ের আশায় গত তিন দিন ধরে এক ছেলের বাড়ি থেকে আরেক ছেলের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন ওই বৃদ্ধ দম্পতি। রাত কাটছে কখনো ছেলেদের ঘরের সামনের বৈঠকখানায়, আবার কখনো অন্যের আশ্রয়ে। কখনো খাবার জুটছে, আবার কখনো না খেয়েই দিন পার করছেন তারা।
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের দক্ষিণ হানুবাইশ গ্রামের হাজী বাড়িতে।
ভুক্তভোগী বৃদ্ধ আতর মিয়া (১১৫) ও তার স্ত্রী শামসুন্নাহার (৯০)। এ দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। তিন ছেলেও নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে তিন ছেলে ইব্রাহিম (৫০), রহিম (৪৫) ও তছলিম (৪১) তাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য মা-বাবার ওপর চাপ দিয়ে আসছিলেন। তবে সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় একপর্যায়ে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন বৃদ্ধ দম্পতি।
উপায়ান্তর না দেখে তারা বড় মেয়ে লাকি বেগমের (৫৫) বাড়িতে আশ্রয় নেন। সেখানে প্রায় আট মাস থাকার পর গত ২৩ আগস্ট নিজেদের বাড়িতে ফিরে আসেন তারা। কিন্তু ফিরে এসেও তিন ছেলের কারও ঘরে থাকার সুযোগ পাননি বলে অভিযোগ করেন আতর মিয়া ও শামসুন্নাহার।
বৃদ্ধ শামসুন্নাহার বলেন, “আমরা বয়সের ভারে নুয়ে পড়েছি। এখন সন্তানদের কাছেই একটু আশ্রয় চাই। কিন্তু সম্পত্তি লিখে না দেওয়ায় আমাদের ঘরে থাকতে দেওয়া হচ্ছে না।”
অভিযোগের বিষয়ে বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম মিয়া বলেন, “আমরা মা-বাবার কাছ থেকে কোনো রকম সাহায্য-সহযোগিতা পাইনি। তারা অনেক কঠিন মা-বাবা। তারা সবসময় তাদের মেয়েদের সাহায্য-সহযোগিতা করেছেন। তাই সম্পত্তি আমাদের নামে লিখে দিতে বলেছিলাম। সম্পত্তি লিখে না দিলে আমরা ঘরে জায়গা দেব না—এ কথা জানিয়েছি।”
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, “ঘটনাটি আমি জেনেছি। খোঁজখবর নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে আশ্রয় না পেয়ে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঘুরে বেড়ানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা অসহায় এই বৃদ্ধ দম্পতির নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

