ভারতে ঠেকানো যাচ্ছে না করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি। শুক্রবার দেশটিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৬৪ হাজার। শনিবার আক্রান্তের সংখ্যা আরও বেড়ে দাঁড়াল ২ লাখ ৬৮ হাজার ৮৫৩ জন। দৈনিক আক্রান্তের হার ১৬.৬৬ শতাংশ।
শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
শুক্রবারের তুলনায় শনিবার বেশ কিছুটা বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪০২ জন। অতিমারি আবহে দেশটিতে এই নিয়ে মোট মৃত্যু হল ৪ লাখ ৮৫ হাজার ৭৫২ জনের।
চিন্তা বাড়াচ্ছে সুস্থতার হারও। এই মুহূর্তে দেশটিতে করোনায় সুস্থতার হার ৯৪.৮৩ শতাংশ, যা জানুয়ারির প্রথম দিকেও ৯৭ শতাংশের উপরে ছিল।
ভারতে এখনও পর্যন্ত মোট তিন কোটি ৬৮ লাখ ৫০ হাজার ৯৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের ৩.৮৫ শতাংশ বর্তমানে আক্রান্ত। বর্তমানে দেশটিতে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১৭ হাজার ৮২০ জন।
যে ভাবে রোগীর সংখ্যা বাড়ছে তাতে দৈনিক তিন লাখ করোনা সংক্রমণের যে পূর্বাভাস বিশেষজ্ঞরা দিয়েছিলেন তা ছুঁতে খুব বেশি দিন সময় লাগার কথা নয়। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, ওমিক্রনের প্রভাবে দেশটিতে যে সাম্প্রতিক করোনাস্ফীতি দেখা দিয়েছে, তাতে জানুয়ারির শেষে দৈনিক ১০ লাখ পর্যন্ত পৌঁছতে পারে সংক্রমণ। দৈনিক সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্রই। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। দৈনিক সংক্রমণের নিরিখে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। সেখানে এক দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৮৩ জন।
উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪১ জন, যার মধ্যে ২ হাজার ৭৮৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 15 January, 2022 । 2:38 pm