বৈশ্বিক আতঙ্ক অদৃশ্য করোনাভাইরাস একের পর এক রূপ পাল্টে কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের দেহে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। চীনের বিজ্ঞানীরা এই করোনা আবিষ্কার করেছে। নতুন এই করোনাভাইরাসের নাম রাখা হয়েছে নিওকোভ।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
এব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই নতুন ধরনের করোনাভাইরাস মানবদেহের জন্য হুমকি হতে পারে। তবে এ নিয়ে আরও বিষদ গবেষণা প্রয়োজন।
করোনা এমন একটি ভাইরাস, যা সাধারণ ঠান্ডা রোগ থেকে শুরু করে তীব্র শ্বাস-প্রশ্বাসের সমস্যা তৈরি করতে পারে। নতুন শনাক্ত হওয়া ভাইরাসটি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ কি না, তা নিশ্চিত করার জন্য আরও গবেষণার প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রাশিয়ান বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, গবেষণায় শনাক্ত হওয়া ভাইরাস মানুষের জন্য ঝুঁকি তৈরি করবে কি না, তা জানার জন্য আরও গবেষণা প্রয়োজন।
সংস্থাটি জানায়, মানবদেহে সংক্রামক রোগের ৭৫ শতাংশই আসে বন্য প্রাণী থেকে। বন্য প্রাণী থেকে মানবদেহে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নতুন ধরনের করোনাভাইরাসের খবর জানানোয় চীনের বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
গবেষণা অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসের মতো মানবদেহের কোষে সংক্রমিত হতে পারে নিওকোভ। এসম্পর্কিত একটি গবেষণা বায়োআরজিভ নামের এক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তবে এর পিয়ার রিভিউ হয়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 29 January, 2022 । 2:52 pm