ইসি গঠনে সংক্ষিপ্ত তালিকায় ২০ জনের নাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 19 February, 2022 । 2:39 pm

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে রোববার পরবর্তী বৈঠকে বসবে কমিটি।

শনিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন এই তথ্য জানিয়েছেন।

বৈঠক শেষে সচিব বলেন, আইনে প্রদত্ত বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। আগামী দু-একটি সভায় চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে। পরবর্তী সভা আগামীকাল রোববার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে।

১০ জনের নামের চূড়ান্ত তালিকা কখন করা হবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আরও দু-একটা মিটিং হবে। এরপর সব আপনারা জানতে পারবেন।

এর আগে বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন।

সভায় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন