বিএনপি ক্ষমতায় আসলে আবার বাংলা ভাই সৃষ্টি হবে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 19 February, 2022 । 8:33 pm

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আবার শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের সৃষ্টি হবে।

শনিবার পাবনায় পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ড.হাছান মাহমুদ বলেন, সুযোগ পেলে বিএনপি আবার হাওয়া ভবন-খোয়াব ভবন খুলবে। পাঁচশ’ নয় হাজার জায়গায় বোমা ফাটাবে। কিন্তু জনগণ তাদের সেই সুযোগ দেবে না। রিজভী সাহেব বলেছেন- আমাদের নাকি বিদায় ঘণ্টা বেজে গেছে। নয়া পল্টনে বসে গত ১২ বৎসর ধরে আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছেন। তারা যত ঘণ্টা বাজায়, ততো আমাদের ভোট বাড়ছে। আমাদের নয়, আসলে বিএনপির বিদায় ঘণ্টা বেজে গেছে।

আওয়ামী লীগের পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল রহিম লালের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ দলীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি সুযোগ পেলে এখন যারা গ্রামে গ্রামে ভাতা পাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে, ওএমএস এর চাল বন্ধ হয়ে যাবে, যারা ঘর পাচ্ছেন সেই ঘর বিএনপির গুন্ডাপান্ডারা দখল করে নেবে। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর ৬ হাজার কমিউনিটি ক্লিনিক দখল করে নিয়েছিল। আবার তারেক জিয়া আসবে, সব ব্যবসা থেকে চাঁদা তুলবে। আবার শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের সৃষ্টি হবে।

বিএনপি-জামায়াতের কোনো রাজনীতি নেই। করোনাকালে বিএনপি নেতাদেরকে মানুষের পাশে দেখা যায়নি উল্লেখ করে ড. হাছান বলেন, বিএনপির রাজনীতি আওয়ামী লীগের ভুল ধরা আর খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। তাকে আলোচনায় রাখার জন্য কানাডার একনেতা অ্যাওয়ার্ড দিয়েছে। এই হলো তাদের রাজনীতি। আর তাদের পক্ষে যারা রাত ১২টার পর টেলিভিশন গরম করে, তারা ফকিরের ভিক্ষাও দেয় না। এদের বাড়িতেও কেউ যায়ও না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের ভাগ্যে পরিবর্তন এসেছে। মানুষ শতভাগ বিদুৎ পাচ্ছে। তিন কোটি মানুষ ভাতা পাচ্ছে। প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ষাটোর্ধ্ব সবার জন্য পেনশন স্কিম চালু করছেন। এসব মানুষের কাছে তুলে ধরতে হবে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গোলাম ফারুক প্রিন্সকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন