অনলাইন ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিন হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।গত শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় শৈলকুপা উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
নিহতের ফুপাতো ভাই সেলিম হোসেন জানান, শুক্রবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরেছিল মাহিন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 5 August, 2023 । 12:40 pm