অনলাইন ডেস্ক: টানা বর্ষণে বাঁধ ভেঙে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে শহরের বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমেছে। এতে অফিস আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘরে পানি ডুকে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে শহরবাসী।সোমবার (৭ আগস্ট) সকাল থেকে ভারী বর্ষণ চলছে। এতে জেলা প্রশাসকের বাসভবন, জেলা শিক্ষা অফিস, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, সদর উপজেলা পরিষদসহ শহরের প্রায় সকল সড়কে হাঁটু পানি জমে গেছে।
জানা গেছে, টানা বৃষ্টিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে। এতে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। এতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের মাত্রা বেড়েছে বহুগুণ।
এদিকে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ডালির খালের বাঁধ ভেঙে ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে বাঁধ সংলগ্ন এলাকা। অন্যদিকে পাকা আউশ ও আমনের বীজ তলাসহ কৃষকের বিভিন্ন ধরনের ফসলের মাঠ পানিতে ডুবে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ জানান, পাকা, আউশ ও আমনের বীজ তলাসহ বিভিন্ন ফসলের খেত তলিয়ে যাওয়ায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 7 August, 2023 । 4:16 pm