এশিয়া কাপে টাইগারদের নেতৃত্বে থাকছে চমক!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 8 August, 2023 । 4:06 pm

স্পোর্টস ডেস্ক : আর কদিন পরেই শুরু হবে এশিয়া কাপ। তবে গত ৩ আগস্ট বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। তাই এশিয়া কাপে কে সামলাবেন জাতীয় দলের দায়িত্ব, সেটি নিয়ে জল্পনা-কল্পনা চলছে। মূলত তামিমের ইনজুরির খবর ও তার অবস্থা নিশ্চিত হওয়ার পর থেকেই শুরু হয় এই গুঞ্জন।

টাইগার ওয়ানডে দলের অধিনায়কের দৌড়ে বেশ এগিয়েই রয়েছেন সাকিব আল হাসান। ইতোমধ্যেই তার সঙ্গে অধিনায়কত্বের ইস্যুতে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও নিজের সিদ্ধান্ত এখনও বোর্ডকে জানাননি বাঁহাতি এই অলরাউন্ডার। তবে যার হাতেই নেতৃত্ব উঠুক, তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেবে বিসিবি।মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুরে বিসিবি কার্যালয়ে নতুন অধিনায়ক ইস্যুতে জরুরি মিটিং ডেকেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এই মিটিংয়ের সময় সাকিবের সঙ্গে ফের যোগাযোগ করার কথা রয়েছে। যদিও তিন ফরম্যাটে সাকিবকে অধিনায়ক হিসেবে পাওয়া নিয়ে দ্বিধায় রয়েছে বোর্ড।

সে কারণে ধারণা করা হচ্ছে সাকিবকে হয়তো এশিয়া কাপে অধিনায়কের পদে দেখা না-ও যেতে পারে। সেক্ষেত্রে নতুন পথে হাঁটতে পারে বিসিবি। গুঞ্জন রয়েছে, এশিয়া কাপের জাতীয় দলের অধিনায়কত্বে আসতে যাচ্ছে চমক।কে সেই নতুন মুখ? গুঞ্জন রয়েছে, এশিয়া কাপে অধিনায়ক হিসেবে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে সেটি হলেও শুধুমাত্র এশিয়া কাপের জন্যই। আবার বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন সাকিব, এমনটাও রয়েছে বোর্ডের পরিকল্পনায়।

এই তালিকায় রয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাসও। তামিমের অনুপস্থিতিতে ঘরের মাঠে ভারতকে সিরিজ হারিয়েছে তার নেতৃত্বের দল। এ ছাড়া সবশেষ আফগানিস্তান সিরিজে শেষ দুই ওয়ানডে ম্যাচেও অধিনায়ক ছিলেন তিনি।এদিকে এশিয়া কাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা ক্ষীণ মাহমুদউল্লাহ রিয়াদের। তার বদলে নম্বর সেভেন হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল সৌম্য সরকারের। আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের। টুর্নামেন্টের দ্বিতীয় দিন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন