নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 8 August, 2023 । 8:18 pm

অনলাইন ডেস্ক : নওগাঁয় অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকেরা।মঙ্গলবার (৮ আগস্ট) জেলার অভ্যন্তরীণ সব সড়কে সকাল ৬টা থেকে এ ধর্মঘটের শুরু হয়। এতে পূর্ব ঘোষণা ছাড়া বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবহন শ্রমিকদের মুক্তির দাবিতে কর্মবিরতি চলছে। এ অবস্থায় মালিকেরা রাস্তায় বাস নামাতে পারছে না। এখন বাস কবে চলবে এটা শ্রমিকদের ওপর নির্ভর করছে।

জেলা শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, গত ১ জুলাই শহরের জলিল পার্ক এলাকায় নওগাঁ-সাপাহার সড়কে চলাচল করা একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসে থাকা যাত্রী ছাড়াও পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বাসচালক ইমরান হোসেন গত ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

গত রোববার পরবর্তী শুনানিতেও আদালত ওই চালকের জামিন না মঞ্জুর করেন। বাসচালক ইমরানসহ বিভিন্ন দুর্ঘটনার মামলায় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাতজন কারাগারে। এসব শ্রমিকদের মুক্তির দাবিতে আজ (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব সড়কে বাস ধর্মঘটের ডাক দেয় শ্রমিকেরা।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কিংবা বাস মালিক সমিতির পক্ষ থেকে এই ধর্মঘট ডাকা হয়নি। নিজেদের দাবি আদায়ে ধর্মঘট ডেকেছেন সাধারণ শ্রমিকেরা।

এদিকে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সধারণ যাত্রীরা। দুপুরে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থী মিনহাজ হোসেন। তিনি বলেন, ‘আমার বাড়ি পত্নীতলায়। স্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। এখন বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছি।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এক ভুক্তভোগী থানায় মামলা করেন। ওই মামলায় জামিন নিতে গিয়ে অভিযুক্ত বাসচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ বিষয়ে পুলিশের কিছু করার নেই।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন