গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 31 October, 2023 । 12:28 pm

আন্তর্জাতিক ডেস্ক : টানা ২৫ দিনে গড়াল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের সংঘাত। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, প্রতিদিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৪২০ জনের বেশি শিশু হতাহত হচ্ছে। এমন তথ্য সামনে এনেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ইসরায়েলের হামলায় গাজায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে। গাজা ছাড়াও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে অন্তত ৩৭ শিশু নিহত হয়েছে। সংঘাতে ৩০ জনেরও বেশি ইসরায়েলি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। আর গাজা উপত্যকায় অন্তত ২০ শিশু বন্দি রয়েছে।

এদিকে মধ্য গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার রাতে আল-নুসিরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন