স্পোর্টস ডেস্ক : গত বিপিএলে ফাইনালের আগের মেট্রোরেলের স্টেশনে ফটোসেশন সেরেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। এবারও ঐতিহ্যবাহী এক স্থানকে বেছে নিয়েছে । তবে বিসিবির এই বিশেষ আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিংবা ফরচুন বরিশাল দুই দলের কোনো অধিনায়কই উপস্থিত ছিলেন না।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে বিপিএলের ট্রফি নিয়ে ফটোসেশনের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কথা ছিল লিটন দাস এবং তামিম ইকবাল আসবেন ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নিতে। কিন্তু তাদের কাউকেই দেখা যায়নি ট্রফির সঙ্গে। তাদের বদলে দুই দলের দুই প্রতিনিধি আনুষ্ঠানিকতা সারেন।
তবে ফটোসেশনে থাকতে না পারার জন্য দুঃখপ্রকাশও করেছেন তামিম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তামিম লিখেছেন, বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি।
ফটোসেশনে যেতে না পারার কারণ জানিয়ে তামিম লিখেছেন, গতকাল রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের জন্য দল থেকে বিশেষ আয়োজন ছিল। পাশাপাশি, অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল।
‘সবকিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না আমার পক্ষে। জায়গাটি যেহেতু একটি ঐতিহাসিক স্থাপনা, ট্রফি উন্মোচনের আয়োজনটি নির্দিষ্ট ওই সময়েই করার কিছু বাধ্যবাধকতাও ছিল।’
এই নিয়ে ক্রিকেট সমর্থকরা সমালোচনা করতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়ে শুরু হয় লেখালেখি। কেউ কেউ বিপিএলের প্রতি ক্রিকেটারদের গুরুত্ব হীনতার দিকেও ইঙ্গিত করছেন। এর মধ্যেই নিজের উপস্থিত না থাকার ব্যাখ্যা দিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 29 February, 2024 । 8:18 pm