জলদস্যুরা জিম্মি জাহাজের নাবিকদের খাবার সরবরাহ করছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 14 March, 2024 । 3:59 pm

জাগো সংবাদ ডেস্ক : ভারত মহাসাগরে জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের সাথে জলদস্যুরা ভালো আচরণ করছেন এবং তাদের খাবার-দাবার সরবরাহ করছেন এমন খবরটি এক নাবিক মোবাইল ফোনে জানিয়েছেন মালিকপক্ষকে।

এদিকে ২৩ নাবিকের জীবনের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগে রয়েছেন তাঁদের স্বজনরা। শঙ্কায় জাহাজ মালিকসহ সবাই। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে আর কথা বলতে চাননি মালিকপক্ষ।

এমভি জাহাজটির বিমাকারী যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে মালিকপক্ষ। তবে এখন পর্যন্ত সরাসরি জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি মালিকপক্ষ বা বিমাকারী প্রতিষ্ঠান। এ ধরনের ঘটনায় মালিকপক্ষকে চাপ দিয়ে দাবি আদায় করতে সময় নেয় দস্যুরা। এর আগে একই মালিকের জাহান মনি জাহাজ উদ্ধারে ১০০দিন সময় লেগেছিল।

এদিকে, বৃহস্পতিবার সকালে জাহাজের একজন নাবিকের সাথে ফোনে কথা হয়েছে মালিকপক্ষের। জলদস্যুরা ভাল ব্যবহার করছে ও খাবার- সরবরাহ করছে বলে জানানো হয়।

অন্যদিকে এমভি আব্দুল্লাহ জাহাজের মার্চেন্ট কর্মকর্তা মেধাবি সাব্বির হোসেনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ডাঙা ধলাপাড়া গ্রামে। উপার্জনক্ষম একমাত্র ছেলের জিম্মির খবর শুনে বাবা হারুন অর রশিদ ও মা সালেহা বেগম কেঁদেই চলেছেন।

নেত্রকোনা সদর উপজেলার বাঘরুয়া গ্রামের মিরাজ আলীর ছেলে থার্ড ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন। গণমাধ্যমে খবর দেখে বারবার জ্ঞান হারাচ্ছেন রোকনের মা লুৎফুন্নাহার।

৫০ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। দ্রুত সব জিম্মিদের উদ্ধারে ব্যবস্থা নেয়ার দাবি নাবিক পরিবারগুলোর।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন