জাগো সংবাদ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে অংশ নেবে ঢাকায় চলাচল করা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) ৫৫০টি বাস। বিআরটিসির দূরপাল্লার অন্যসব বাসের পাশাপাশি ঈদ সার্ভিস দেবে এ বাসগুলো।
সোমবার (১৮ মার্চ) সকালে মতিঝিল বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, আমরা গত সপ্তাহে ঈদে উপলক্ষে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে। এ ছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা পত্রিকায় গণ বিজ্ঞপ্তি আকারে কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেব বিষয়টি।
তিনি বলেন, ২০২০ সালে বিআরটিসির ১ হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি বাস অনরুটে ছিল; ২০২১ সালে ১ হাজার ৭৬২টি বাসের মধ্যে ১ হাজার ১০৬টি বাস অনরুটে ছিল, ২০২২ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৩৩টি বাস অনরুটে ছিল এবং ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস অনরুটে ছিল।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 18 March, 2024 । 2:45 pm