অভিযান চালাতে গিয়ে মশার কবলে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 21 March, 2024 । 5:04 pm

জাগো সংবাদ ডেস্ক : রাজধানীর উত্তরায় একটি খালে পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে মশার কবলে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ টিম। কিছুক্ষণ আগেই ওষুধ স্প্রে করার পরও মশার কামড় খেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এদিন উত্তরার ১২ ও ১৪ নম্বর সেক্টরের মধ্যে অবস্থিত খালটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর অংশ হিসেবে ১২ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজের পাশে খালপাড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এর আগেই অনুষ্ঠানস্থলে মশার ওষুধ স্প্রে করে ডিএনসিসির কর্মীরা। তারপরও মশা ভন ভন করতে থাকে।

বক্তব্যের শুরুতেই মন্ত্রীর উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, মাননীয় মন্ত্রী আপনি দেখতেই পাচ্ছেন মশার কী অবস্থা। এই খালটি মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। আপনি স্বচোখে দেখেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আসায় আমাদের মনোবল বেড়ে গেছে।

রাজউক ওই খালটি সিটি করপোরেশনকে বুঝিয়ে দিচ্ছে না মন্তব্য করে মেয়র আতিক বলেন, এই লেকটি রাজউকের। এটি আগে ওয়াসার খাল ছিল। খালটির মালিকানা ডিএনসিসি বুঝে পায়নি। ফলে এখানে কোনো কার্যক্রম চালানো যাচ্ছে না। রাজউক বলে খাল ওয়াসার, ওয়াসা বলে রাজউকের।

এরপর মন্ত্রী বলেন, আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভা করেছি মশা নিধন করার জন্য এবং জনগণকে সচেতন করার জন্য। মশা মারার ওষুধ, যন্ত্রপাতি ঠিক আছে কিনা, সিটি করপোরেশনের প্রস্তুতি কেমন এগুলো পর্যালোচনা করে মানুষকে সচেতন করার জন্য কীভাবে আরো বেশি কাজ করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন