৫ দিন পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 21 March, 2024 । 6:12 pm

জাগো সংবাদ ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগি উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান সম্পন্ন করা হয়। পাঁচ দিন পর ক্ষতিগ্রস্ত আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে গত রোববার দুপুরে নাঙ্গলকোট উপজেলার তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কে শিডিউল বিপর্যয় ঘটে। যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হন। বিগত পাঁচ দিন থেমে থেমে উদ্ধার অভিযান চলাকালে বিভিন্ন স্টেশনে আটকা পড়েন ট্রেনের শত শত যাত্রী।

এদিকে উদ্ধার অভিযানকালে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ার বিষয়টি যাত্রীদের অবহিত করা হয়নি বলে অভিযোগ অনেক যাত্রীর। এ ঘটনায় যাত্রীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের সিনিয়র প্রকৌশলী লিয়াকত আলী জানান, বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ঘটনায় ৫শ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার সকালে আপলাইনের ক্ষতিগ্রস্ত ৫শ মিটার রেললাইন মেরামত শেষ হয়েছে। এদিন দুপুরে বিজয় এক্সপ্রেসের সর্বশেষ বগি উদ্ধারের পর দুটি লাইন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল করছে। এখন আর কোনো সমস্যা নেই।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন