যশোরে চালের আড়ত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 25 March, 2024 । 4:15 pm

জাগো সংবাদ ডেস্ক : যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের চালের আড়ত থেকে বায়েজিত হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকালে শহরের বড় বাজার লোন অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

বায়েজিত হাসান খুলনা জেলার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে মুল্লুক চাঁদের আড়তের কর্মী ছিলেন।

পুলিশের ধারণা, ওই আড়তেই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় আড়তের নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বেশ কয়েকদিন আগে পাঁচ লাখ টাকা চুরি করে পালিয়ে যায় বায়োজিদ। সেই টাকাকে কেন্দ্র করে খুলনা থেকে তাকে যশোরে ডেকে এনে মারপিট করে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বায়োজিতকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মুল্লুক চাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। সে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, এ ঘটনার নেপথ্যের কাহিনী খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন