যৌতুকের জন্য স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 27 March, 2024 । 4:54 pm

জাগো সংবাদ ডেস্ক : চট্টগ্রামে ছয় বছর আগে যৌতুকের জন্য শ্বাসরোধে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায় দিয়েছেন আদালত। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মো. জাকির হোসেন বুধবার এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মো. পারভেজ (৩১) সাতকানিয়া উপজেলার চুড়ামনি গ্রামের মো. সোলায়মানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ বলেন, আসামি পারভেজ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা গেছে, পারভেজ ছিলেন ইটভাটার পিকআপ চালক। ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি রোকেয়া বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় রোকেয়ার পরিবার পারভেজকে তিন লাখ টাকা যৌতুক দিয়েছিল। এর পরও বিভিন্ন সময় তিনি স্ত্রীর কাছে টাকা দাবি করতেন।

টাকার জন্য পারভেজ নির্যাতন করলে রোকেয়া বিষয়টি তার ভাই মহিউদ্দিনকে জানান। এর পর মহিউদ্দিন আরও এক লাখ টাকা দেন। তাতেও সন্তুষ্ট ছিলেন না পারভেজ। আরও দুই লাখ টাকা যৌতুকের জন্য রোকেয়াকে তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২০ এপ্রিল দুপুরে পারভেজ টেলিফোনে রোকেয়ার মাকে বলেন, তিনি রোকেয়াকে লাঠি দিয়ে মেরেছেন। খবর পেয়ে রোকেয়ার বড় বোন মোস্তফা বেগম পারভেজকে ফোন করলে পারভেজ তাকে বলেন, রোকেয়া ‘স্ট্রোক’ করেছে।

সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার পারভেজকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন