বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 3 April, 2024 । 8:14 pm

জাগো সংবাদ ডেস্ক : সড়ক, রেল ও নৌপথে নির্ধারিত ভাড়ার বেশি টাকা নিলে এবং লাইসেন্সবিহীন গাড়ি চালালে পুলিশের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

কমিশনার বলেন, ঢাকা থেকে বেরোনোর কিছু জায়গায় সমস্যা আছে। কয়েকটি পয়েন্টে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। এর সঙ্গে এই সমস্যাগুলো নিরসনে সকল কর্মকর্তাদের আমি অনুরোধ জানাচ্ছি। বাস মালিকরা জানিয়েছেন কোনো অবস্থাতেই ফিটনেটবিহীন গাড়ি রাস্তায় আসবে না। এরপরেও পুলিশকে নির্দেশ দেওয়া আছে কোনোভাবেই যেন এসব গাড়ি রাস্তায় চলতে না দেয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৪ উদ্‌যাপন উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখা এবং ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় করতে এই সভার আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, অতীতে লাইসেন্স ছাড়া হেলপারদের দিয়ে গাড়ি চালিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কাউন্টার ছাড়া অন্য কোথাও টিকিট বিক্রি হলে বিক্রয়কারীদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয় খুব দরকার। এ জন্য আমি অনুরোধ করব, আমাদের ট্রাফিকের এবং ক্রাইমের ডিসিরা জেলার সীমান্তের যে ইউনিট আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে যে ম্যানেজমেন্টগুলো আছে, সেগুলো যেন ঠিকঠাকভাবে করা হয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, ঢাকা প্রবেশ ও বহিঃগমনের জন্য ১১টি পথ রয়েছে। পথগুলোতে যেন আলাদাভাবে সবাই সুন্দর ব্যবস্থাপনার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। মিটিং করেন, সিদ্ধান্ত নিয়ে সমন্বয় করেন। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেন। নিজেদের প্রোগ্রাম শেয়ার করেন।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন