জাগো সংবাদ ডেস্ক : রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদে যত লোক বাড়িতে যাবে, তাদের সবাইকে তো আমাদের পক্ষে পাঠানো সম্ভব নয়। তবে যারা আসন পাবেন না তারা যেন অন্তত দাঁড়িয়ে যেতে পারেন, সেজন্য আলাদা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এবার যাত্রীরা যেন নিরাপদে বাড়িতে গিয়ে ঈদ করতে পারে সেজন্য আমাদের রেলপথ মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি নিয়েছে। ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
দুর্নীতি প্রসঙ্গে জিল্লুল হাকিম বলেন, কেনাকাটায় সব জায়গাতেই কিছু না কিছু দুর্নীতি থাকে। অনেক বড় বড় জায়গায়ও হয়ে থাকে। অনেক নামীদামি জায়গাতেও ক্রয়ের ক্ষেত্রে কিছুটা দুর্নীতি থাকে। সেক্ষেত্রে রেল অনেক ছোট জায়গা। তারপরও আমরা চেষ্টা করছি যেন আমাদের রেলে কোনো ধরনের এরকম কিছু না থাকে। আমরা চেষ্টা করব সবরকম দুর্নীতি বন্ধ করতে। কোনো সংস্থাই চায় না সেই সংস্থার মধ্যে দুর্নীতি থাকুক। আমরাও চাই না রেলের মধ্যে দুর্নীতি থাকুক।
আজ বুধবার (৩ এপ্রিল) ঢাকা রেলস্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
টিকিট কালোবাজারি বন্ধে মো. জিল্লুল হাকিম বলেন, আমরা আমাদের চেষ্টার ত্রুটি রাখি নাই। এবার ঈদে কালোবাজারি যেন টিকিট নিতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এসব ব্যবস্থা কিন্তু যাত্রীদের কল্যাণের জন্য। নিরাপত্তা রক্ষার জন্য আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, র্যাব, পুলিশসহ সরকারি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে। সাধ্যমতো আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 3 April, 2024 । 8:20 pm