জাগো সংবাদ ডেস্ক : জাগো সংবাদ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৩) ও কিশোরগঞ্জ সদরের ভট্টাচার্য গ্রামের মৃত ইন্তাজ ব্যাপারীর ছেলে ইদ্রিস আলী (৪৮)।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৮ এপ্রিল) ভোরে কিশোরগঞ্জ সদর থেকে অটোরিকশাযোগে সাথী আক্তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি নেত্রকোণা যাচ্ছিলেন। একই অটোরিকশায় ইদ্রিস আলী আঠারোবাড়ি ছাগল কিনতে যাচ্ছিলেন। পথে নান্দাইলের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় ধান বোঝাই ট্রাককে অতিক্রম করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা সাথী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে ইদ্রিস আলীর মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত দুই জনের মধ্যে একজনের লাশ কিশোরগঞ্জ হাসপাতালে, অন্যজনের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে দুই পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 8 April, 2024 । 3:38 pm