নিজস্ব প্রতিনিধি : বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে প্রকৌশলীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেল ও এলএনজি’র মূল্য বৃদ্ধির ফলে দেশে বিদ্যুৎ উৎপাদন কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও সরকারের বহুমাত্রিক প্রচেষ্টায় তা সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। সরকারের বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়ন ও দেশের সামগ্রিক জীবনমান উন্নয়নের কারণে আগামীতে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে। বিষয়টি বিবেচনায় রেখে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে। চলমান তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছুটা লোডশেডিং হচ্ছে উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, এটি সাময়িক। এই সংকট বিচক্ষণতার সাথে মোকাবেলা করে জীবনমান ও উৎপাদন সচল রাখতে তিনি প্রকৌশলীদের নিষ্ঠার দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
আজ (৩০ এপ্রিল) সকালে ঢাকার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলন ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি শেখ শাফায়েতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিউবো’র চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, সদস্য প্রশাসন মাহমুদুল কবীর মুরাদ, সদস্য অর্থ অঞ্জনা খান মজলিশ, নেসকো পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকিউল ইসলাম, বিউবো’র সদস্য বিতরণ মোঃ রেজাউল করিম, সদস্য পিএন্ডডি পল্লবী জামান, সদস্য উৎপাদন খন্দকার মোকাম্মেল হোসেন, সদস্য কোম্পানি এ্যাফেয়ার্স মোঃ শামসুল আলম, আইডিইবি’র সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের সভাপতি প্রকৌশলী মোঃ ফজলুর রহমান খান।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ হায়দার আলী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 30 April, 2024 । 7:54 pm