এয়ার এ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি/ দুপুরে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 5 December, 2025 । 10:21 am

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি শেষ হলেও, শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তন এসেছে। শুক্রবার ভোরে তাঁর এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হওয়ার কথা থাকলেও, তা আর হচ্ছে না। জানা গেছে, নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এবং শেষ বেলায় শারীরিক অবস্থার সামান্য অবনতি হওয়ায় যাত্রা স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, দুপুর নাগাদ কাতার থেকে আসা দ্বিতীয় একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ছাড়তে পারেন।

বিএনপির দায়িত্বশীল সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। এর পাশাপাশি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে জানান, যে এয়ার অ্যাম্বুলেন্সটির আসার কথা ছিল, তাতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা মেরামত সম্ভব হয়নি। ফলে কাতার থেকে দ্রুত নতুন আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যার কারণেই এই বিলম্ব। নতুন অ্যাম্বুলেন্সটি ঢাকা পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

এদিকে, লন্ডন যাত্রায় সঙ্গী হতে ঢাকার পথে রওনা হয়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর (বাংলাদেশ সময় রাত ১২টার পর) তিনি লন্ডন ছেড়েছেন। সূত্রের খবর, ডা. জুবাইদা রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছাবেন এবং সেখান থেকেই অসুস্থ শাশুড়ির সঙ্গে যুক্তরাজ্যে যাবেন।

গুরুত্বপূর্ণ এই যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা ছাড়াও পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, তারেক রহমানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক, সহকারী একান্ত সচিব মো. মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার—মোট ১০ জনের একটি দল এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন। তাদের নিরাপত্তায় এসএসএফের দুজন সদস্যও থাকবেন। গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনবারের এই প্রধানমন্ত্রী।

 

জাগো সংবাদ /আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন