মাত্র কয়েক সপ্তাহ আগেই মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে একটি নতুন শান্তিচুক্তি সই হয়েছিল। সেই চুক্তির মধ্যস্থতায় ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে ঘোষণা করা হয়-সীমান্তে অস্ত্রবিরতি কার্যকর থাকবে, ভারী অস্ত্র ও সামরিক উপস্থিতি কমানো হবে, সীমান্তে মাইন অপসারণ ও বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। চুক্তিটি দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি বড় প্রতিশ্রুতি হিসেবেই দেখা হয়েছিল।
কিন্তু শান্তি বেশিদিন স্থায়ী হয়নি। গত মাসে সীমান্ত এলাকায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সেনা আহত হওয়ার পর থাইল্যান্ড অভিযোগ তোলে-কম্বোডিয়া নতুন করে মাইন পুঁতছে। সেই অভিযোগের জেরে তারা শান্তিচুক্তির বাস্তবায়ন স্থগিত করে। যদিও কম্বোডিয়া জানায়-সেগুলো আগের সংঘর্ষের সময়কার পুরোনো মাইন, এতে তাদের কোনো হাত নেই। কিন্তু দুই দেশের পারস্পরিক অবিশ্বাস এতটাই জমাট বেঁধেছে যে চুক্তির মূল ভরসাই নড়বড়ে হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন-সীমান্ত বিরোধ শত বছরের পুরোনো এবং তা রাজনৈতিক, ঐতিহাসিক ও জাতীয় গর্বের সঙ্গে জড়িত। তাই কেবল অস্ত্রবিরতি করলেই এই সমস্যার সমাধান হয় না। সঠিক সীমান্ত নির্ধারণ, পারস্পরিক বিশ্বাস গঠন এবং স্থায়ী পর্যবেক্ষকের উপস্থিতি ছাড়া এই অঞ্চল আবার উত্তপ্ত হয়ে উঠছে আজকের ঘটনা তারই প্রমাণ। এই হামলা ও পাল্টা উত্তেজনার ফলে ট্রাম্পের মধ্যস্থতায় কুয়ালালামপুরে সই হওয়া শান্তি চুক্তি আজ কঠিন বাস্তবতার মুখোমুখি।
এখন আন্তর্জাতিক মহল বারবার আহ্বান জানাচ্ছে-দুই দেশ আবারও আলোচনার টেবিলে বসুক এবং সংঘাত যেন আর বাড়তে না পারে। পর্যবেক্ষকেরা সতর্ক করে বলেছেন-যদি দ্রুত কূটনৈতিক সমাধান নেয়া না হয়, তবে সীমান্ত উত্তেজনা যে কোনো সময় বৃহত্তর ও আরও প্রাণঘাতী যুদ্ধে রূপ নিতে পারে।
কম্বোডিয়া অবশ্য থাইল্যান্ডের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি-তারা কোনো আক্রমণ চালায়নি এবং পরিস্থিতি উত্তপ্ত হওয়া থেকে বিরত রাখতে তারা এখনো কোনো পাল্টা হামলাও করেনি। কম্বোডিয়ার প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলছে, থাইল্যান্ডের অভিযোগ একতরফা এবং তাদের এই আচরণই সীমান্তে নতুন আগ্রাসনের ইঙ্গিত দিচ্ছে।
জাগো সংবাদ /আরাফাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 8 December, 2025 । 7:06 pm