বান্দরবানের আলীকদম উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের যৌথ অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে চারটি ডাম্পার গাড়ি ও একটি স্ক্যাভেটর জব্দ করে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) রাত আনুমানিক ১২টা থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড়তলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম। অভিযানে নেতৃত্ব দেন আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীম (৩১ বীর) এর নেতৃত্বাধীন বি-টাইপ বিশেষ টহল দল। অভিযানে আলীকদম থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন।
মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারায় স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজন ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাটি ভর্তি তিনটি ডাম্পার গাড়ি—চট্টমেট্রো-য়-৩৮১, চট্টমেট্রো-অ-৩৬৯, চট্টমেট্রো-য়-৬১৭৭ এবং একটি স্ক্যাভেটর (রেজিস্ট্রেশন নং মৌলভীবাজার-ন-০০৯৭) জব্দ করা হয়। জব্দকৃত প্রতিটি গাড়ির মালিককে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্তরা হলেন, স্ক্যাভেটর মালিক আব্দুর রহমান (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, সাং পানবাজার, ৫নং ওয়ার্ড, আলীকদম, বান্দরবান এবং স্ক্যাভেটর চালক আরাফাত হোসেন (১৭), পিতা: ফরিদুল আলম, সাং পূর্ব কলাওজান, থানা লোহাগড়া, জেলা চট্টগ্রাম। অভিযান শেষে অভিযুক্ত ব্যক্তি এবং জব্দকৃত ডাম্পার ও স্ক্যাভেটর আলীকদম থানা পুলিশের সহায়তায় থানা হেফাজতে নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহনগুলো অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জাগো সংবাদ/এমএএ/জেএ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 14 December, 2025 । 1:34 pm