লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ৭ বছরের শিশু আয়েশা আক্তারের কবর জিয়ারত করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল লক্ষ্মীপুরে গিয়ে এ কর্মসূচিতে অংশ নেয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন— বিএনপি’র যুগ্ম-মহাসচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে প্রতিনিধি দলটি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বেলাল হোসেনের বাড়িটি পরিদর্শন করে। পরে তারা বেলালের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে দেখা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তার হাতে চিকিৎসা সহায়তাও তুলে দেওয়া হয়।
এর আগে একই দিন বিকেলে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেলাল হোসেনের দুই দগ্ধ কন্যা— স্মৃতি আক্তার (১৪) ও বীথি আক্তার (১৮)-এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়া হলে পুরো পরিবার আগুনে আটকা পড়ে। কোনোভাবে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বের হতে পারলেও মাত্র ৭ বছরের শিশু আয়েশা আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে বেলালের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং নিহত আয়েশাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জাগো সংবাদ/আরাফাত/জাকির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 22 December, 2025 । 12:28 pm