লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকায় ঝুঁকিপূর্ণ একটি সেতু ধসে পড়ে বালুবোঝাই মালবাহী ট্রাক খালে পড়ে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ কারণে সেতুর দুই পাশে বাঁশের ব্যারিকেড দেওয়া ছিল এবং ভারী যানবাহন চলাচল নিষেধ করে সাইনবোর্ডও টানানো ছিল। কিন্তু রাতে বালুবোঝাই একটি ট্রাকের চালক ও তার সহকারী ব্যারিকেড সরিয়ে জোর করে সেতুর ওপর ট্রাক ওঠান। অতিরিক্ত চাপের কারণে সেতুটি ভেঙে পড়ে ট্রাকটি খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এলাকাবাসী, শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিকল্প সড়ক ব্যবহার করে ঘুরে যেতে হওয়ায় সময় ও খরচ—দুটিই বেড়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকলেও সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত সেতু পুনর্নির্মাণ ও অস্থায়ী বিকল্প চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি চলছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
জাগো সংবাদ/আরাফাত/জাকির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 27 December, 2025 । 5:28 pm