নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।
উত্তর জনপদের জেলা নওগাঁ। এই জেলার সংসদীয় আসন রয়েছে ৬টি। আত্রাই রাণীনগর দুই থানা মেলে নওগাঁ-৬ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণার পরে ৮জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন করেন সাবেক চারদলীয় জোট সরকারের গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির। তিনি এই আসনে গত (৫ম, ৬ষ্ট, ৭ম ও ৮ম) চারবার এমপি ছিলেন। রাজনৈতিক নানা টানা পোড়নের কারণে শেষ মুহূর্তে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়ে আত্রাই-রাণীনগর দুই থানায় ঘণ কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন এলাকায় পথ সভায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এই আসনে তিনি দীর্ঘ সময় সংসদ সদস্য থাকাকালীন সময়ে বিএনপিকে ব্যাপক সুসংঘটিত করে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত করে তোলেন। কিন্তু এক এগারোর পট পরিবর্তনের পর নবম জাতীয় সংসদ নির্বাচনে তার ছোট ভাই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আনোয়ার হোসেন বুলু আওয়ামী লীগের প্রার্থী ইসরাফিল আলমের কাছে পরাজিত হলে এই আসনটি দীর্ঘ সময় আওয়ামী লীগের দখলে চলে যায়। গত জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতন হলে এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে বেশ কয়েকজনের মধ্যে আলমগীর কবির মাঠে ছিলেন। কিন্তু এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন।
নির্বাচনের বেশ কয়েকটি পথ সভায় তিনি বলেন, আত্রাই রাণীনগরে সাধারণ মানুষের ভালোবাসা এবং সমর্থন আমাকে উজ্জীবিত করেছে। জনগণের প্রত্যাশা পূরণের জন্যই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে লড়ার ঘোষণা দিয়েছি। এই আসনে জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে এলাকার সার্বিক উন্নয়ন, সু-শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী ও কালো টাকার মালিকদের এই জনপদ থেকে উৎখাত করে উন্নয়ন আর শান্তির জনপদ গড়ে তুলবো। আমি বিগত দিনে এমপি ও প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, স্কুল-কলেজ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলাম। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। জনগণই আমার প্রকৃত শক্তির উৎস। এদিকে স্থানীয় ভোটাররা ও বিশ্লেষকদের মতে আলমগীর কবির স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসনের ভোটের হিসাব-নিকাশকে জটিল ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করে তুলবে। তার এই সিদ্ধান্তে রাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রায় যোগ হবে বলে ধারণা করা হচ্ছে।
জাগো সংবাদ/আরাফাত/রায়হান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 28 December, 2025 । 8:14 pm