লক্ষ্মীপুর-১: ভাইয়ে ভাইয়ে নির্বাচন, স্বতন্ত্রে মাঠে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 29 December, 2025 । 12:19 pm

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাঁর পক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ওবায়দুর রহমান তাঁর পক্ষে এ মনোনয়নপত্র হস্তান্তর করেন।

উপদেষ্টা পদ ছাড়ার পর সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর প্রার্থীতা ঘিরে রামগঞ্জসহ পুরো জেলায় নির্বাচন নিয়ে আগ্রহ ও চাঞ্চল্য দেখা দিয়েছে।

এদিকে একই আসনে তাঁর আপন বড় ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরও প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। তিনি দলীয়ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফলে একই আসনে দুই ভাইয়ের মুখোমুখি লড়াই নির্বাচনী মাঠে আলাদা মাত্রা যোগ করেছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেও মাহফুজ আলম কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না—তা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা দেননি। তবে রাতেই দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এনসিপি বা জামায়াত–এনসিপি জোটে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন।

এই আসন থেকে আরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপিতে যুক্ত হওয়া সাবেক বিএলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) যুগ্ম আহ্বায়ক ও মতিঝিলের সাবেক কমিশনার হারুন অর রশিদসহ মোট ১৬ জন প্রার্থী।

এ ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হওয়া বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালও এবার রামগঞ্জ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন। বিভিন্ন মামলাসহ বিতর্কের কারণে তিনি বর্তমানে এলাকায় না থেকে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

 

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন