নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার ৩

মোঃ আরাফাত আলী
প্রকাশের সময়: Wednesday, 22 April, 2026 । 12:15 pm

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত হাবিবুর রহমানের ভাগনে সবুজ রানা, ভগ্নিপতি শহীদুল ইসলাম এবং তাঁর ছেলে শাহিন মণ্ডল। এ ঘটনায় মোট ছয়জন জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, পারিবারিক জমিজমা বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হাবিবুর রহমানের বাবা তাঁর ছেলেকে ১৩ বিঘা এবং ছেলের জমির থেকে মেয়েদের প্রত্যেককে পরিমাণে কম করে জমি লিখে দিলে এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়।

পুলিশের ভাষ্য,দুই দিন আগে সবুজ রানা ও শহীদুল ইসলাম একটি মাঠে বসে এ হত্যার পরিকল্পনা করেন। ঘটনার রাতে হাবিবুরের বাড়িতে অবস্থানরত সবুজ দরজা খুলে দিলে অন্যরা ঘরে ঢুকে পড়ে। রাত ১১টা থেকে ১টার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে হাবিবুর রহমান, তাঁর স্ত্রী পপি, ছেলে পারভেজ ও মেয়ে সাদিয়াকে হত্যা করা হয়।

ঘটনার পর জিজ্ঞাসাবাদে সবুজ রানা হত্যার কথা স্বীকার করে এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত হাসুয়া ও ছোরা উদ্ধার করা হয়। পরে শহীদুল ইসলাম ও তাঁর ছেলে শাহিন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন