রায়পুরে কিশোর অটোচালক রাজিব হত্যা: চাঁদপুর থেকে গ্রেফতার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 5 May, 2026 । 7:23 am

লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর অটোচালক রাজিব হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত ২ মে ২০২৬ তারিখে রায়পুর উপজেলায় কিশোর অটোচালক রাজিবকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপর ছিল পুলিশ।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ আবু তারেক-এর সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-এর প্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়ার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি দল, চাঁদপুর সদর থানা পুলিশের সহযোগিতায় গত ৪ মে ২০২৬ খ্রি. বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর সদর থানার ওয়্যারলেস চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে রায়পুর থানার মামলা নং-০৩, তারিখ ২ মে ২০২৬ খ্রি., দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সোহেল বাওয়াতী (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাঙ্গাসিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন