পাবনা শহরের আওরঙ্গজেব রোডে লাকি বোর্ডিং নামক আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে হোটেল মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছেন।
মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে শহরের লাকি বোর্ডিং হোটেলের একটি কক্ষে এই ভয়াবহ ঘটনাটি ধরা পড়ে। স্থানীয়দের কাছে খবর আসে যে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ দেখতে পায়।
নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনার পরপরই হোটেলের মালিকসহ কর্মচারীরা কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। হোটেলটি বন্ধ অবস্থায় রয়েছে। এতে তাদের সঙ্গে হত্যাকাণ্ডের যোগসাজশ থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ হোটেলেই সুরক্ষিত রাখা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। তারা আসার পর বিস্তারিত তদন্ত শুরু হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”
নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তদন্তের বিভিন্ন দিকে কাজ করছে।
জাগো সংবাদ/আরাফাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 7 May, 2026 । 12:51 am