স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী রয়েছে, যারা বিভিন্ন সময়ে সমাজকে অস্থির করে রাখার অপচেষ্টা চালায়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে। কিন্তু এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন পুরোপুরি আসেনি। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে পরিচয় তৈরি হয়েছে, সেটি সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি। নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে। গণতন্ত্রও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময় আধিপত্যবাদ ও হানাদার বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিসরে এসে কবি তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। কৃষকদের দুঃখ দুর্দশা দেখে তিনি কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার উদ্যোগ নিয়েছিলেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ বিশ্বমানবতার কবি। তাঁর সাহিত্য, গান, কবিতা ও নাটক মানুষের জীবনকে সমৃদ্ধ করেছে। গীতাঞ্জলির মাধ্যমে তিনি বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আ. ন. ম বজলুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রেজাউল ইসলাম রেজু, জাহিদুল ইসলাম ধলু, মোস্তাফিজুর রহমান, ফজলে হুদা বাবুল, ইকরামুল বারী টিপু, এনামুল হক, এম. মুশফিকুল ফজল (আনসারী), মোহাম্মদ শাহজাহান, আবু বক্কর সিদ্দিক নান্নু, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
পরে ঢাকা ও স্থানীয় শিল্পীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
আরাফাত আলী/জেএস

মোঃ আরাফাত আলী
প্রকাশের সময়: Friday, 8 May, 2026 । 5:30 pm