নওগাঁর মান্দায় ৯০০ কেজি সরকারি ভিজিএফ চাল উদ্ধার, গ্রেফতার ১

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Thursday, 21 May, 2026 । 11:08 am

নওগাঁ জেলার মান্দা উপজেলায় গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারিতে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মান্দা থানার ৬ নম্বর মৈনম ইউনিয়ন এলাকায় সরকারি বরাদ্দের ভিজিএফের চাল অবৈধভাবে পাচার ও মজুদ করা হচ্ছে। খবর পাওয়ার পর তিনি মান্দা থানার অফিসার ইনচার্জকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল স্থানীয় বাসিন্দা মো. বাবু মণ্ডল (৫৬) তার বাড়ির পাশের টিনশেড রান্নাঘরে মজুদ করে অধিক দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।

পরে ২০ মে ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে পুলিশ ওই স্থান থেকে সর্বমোট ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করে।

অভিযান চলাকালে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে বাবু মণ্ডলের বাড়ি থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে মো. আইয়ুব আলীর দোকানের সামনে একটি ভ্যানে করে চাল বহন করতে দেখা যায় মো. উজ্জল সাকিদারকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সাক্ষীদের উপস্থিতিতে জানান, সরকারি টিসিবির চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে মজুদ রাখা হতো এবং পরে বেশি দামে বিক্রি করা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল সাকিদার আরও স্বীকার করেন, তার ভ্যানে থাকা চাল বাবু মণ্ডলের বাড়িতে নেওয়া হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উজ্জল সাকিদারসহ পলাতক আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারি টিসিবির চাল অবৈধভাবে মজুদ করে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একজনকে গ্রেফতার করা হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

 

জাগো সংবাদ/আরাফাত/রায়হানুল হক

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন