রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগাতে গিয়ে প্রাণ গেল যুবকের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 27 May, 2026 । 1:34 pm

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজিনগর বাজারে চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগাতে গিয়ে মো. রতন (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ১২টার দিকে রতনের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

নিহত রতন চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোয়াডার বাজার এলাকার রাড়ী বাড়ির দিনমজুর মনির হোসেনের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও এক বোন রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যে গাজিনগর বাজার এলাকায় চরপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজের পোস্টার লাগাতে যান রতন। এ সময় তার সঙ্গে গ্রামপুলিশ জসিম, বিএনপি কর্মী মো. রুবেল ও মো. রাশেদ ছিলেন।

রাত ১২টার দিকে পরিবারের কাছে মোবাইল ফোনে খবর আসে, পোস্টার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে রতনের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আমিন পাটোয়ারী বলেন, “গাজিনগর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় রতনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাত আক্তার জানান, রতনের শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি। শরীরে আঘাতের চিহ্নও ছিল না, শুধু নাক দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

এদিকে চেয়ারম্যান প্রার্থী বিল্লাল কবিরাজ এ ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হননি।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন