নওগাঁর রাণীনগরে পথরোধ করে তিন ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীদের হামলায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এছাড়া একই রাতে উপজেলার আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় আরও দুই ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়েন। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ছিনতাইয়ের শিকার বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্নানপুর গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সাখিদার (৩৯) জানান, তিনি নওগাঁ সদর উপজেলার চকবুলাকী সোনারপাড়া গ্রামের শফি উদ্দীনের ছেলে রাফিকুল ইসলাম (৩৮) এবং রাণীনগর সদর বাজারের ব্যবসায়ী আনিছার রহমান (৫৫)-কে সঙ্গে নিয়ে একটি টমটম ভাড়া করে সুপারি কেনার উদ্দেশ্যে নাটোর যাচ্ছিলেন।
ভোর সাড়ে ৪টার দিকে তারা রাণীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায় পৌঁছালে ৮ থেকে ৯ জন মুখোশধারী ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে। পরে ব্যবসায়ীদের মারধর করে প্রায় ৪৫ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীরা রাফিকুল ইসলামকে হাসুয়া দিয়ে কোপ দিলে তিনি আহত হন। এছাড়া জুয়েল সাখিদারকেও মারধর করা হয়।
জুয়েল সাখিদার আরও জানান, একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারি ব্যবসায়ী গোপাল চন্দ্র ও উত্তম চন্দ্র ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
অপরদিকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী মারুফ হোসেন ও হেলাল উদ্দীন ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়।
মারুফ হোসেন জানান, সড়কের মাঝখানে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তাদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। তবে দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন তারা। মারুফ হোসেন আবাদপুকুর বাজারের চাল ব্যবসায়ী এবং হেলাল উদ্দীন বিকাশ এজেন্ট ব্যবসায়ী বলে জানা গেছে।
এ বিষয়ে রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান, ঘটনাগুলোর বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাগো সংবাদ/আরাফাত/রায়হানুল হক

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Thursday, 4 June, 2026 । 8:21 pm