তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Friday, 5 June, 2026 । 1:05 am

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার রাতে তিনি রাজধানীতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জানা গেছে, দক্ষিণ কোরিয়া সফর শেষে ঢাকা সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন হাকান ফিদান। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আগামী শনিবার সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী তুরস্ক। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বাণিজ্য, সংস্কৃতি ও উন্নয়ন সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা খাতে সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি এবারের সফরে বিশেষ গুরুত্ব পেতে পারে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। ওই সফরেই তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তারই ধারাবাহিকতায় এই ঢাকা সফর অনুষ্ঠিত হচ্ছে।

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন