আশাশুনির চাকলায় বজ্রপাতে কপোতাক্ষ নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 9 June, 2026 । 11:41 pm

আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের চাকলা এলাকায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নিখোঁজ হওয়া জেলে মোঃ আরিফ হাসানের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৯ ঘণ্টা পর মঙ্গলবার (৯ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (৮ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে চাকলা গ্রামের কপোতাক্ষ নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে আরিফ হাসান প্রতিদিনের মতো একা নৌকায় করে নদীতে মাছ ধরতে যান। বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে একপর্যায়ে তার নৌকায় বজ্রপাত আঘাত হানে। এতে তিনি নৌকা থেকে ছিটকে কপোতাক্ষ নদীতে পড়ে যান এবং নৌকাটি ডুবে যায়।

স্থানীয় জেলে,স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হলেও আরিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরিরা অনুসন্ধান কার্যক্রম চালায়।

মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে চাকলা থেকে কয়েক কিলোমিটার দূরে চাউলখোলা খুটিকাটা লঞ্চঘাটের পাশে নদীতে ভাসমান অবস্থায় আরিফ হাসানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বজ্রপাতে নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি চলছিল। অবশেষে মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/হাফিজুল 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন