সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেফতার

মোঃ আরাফাত আলী
প্রকাশের সময়: Sunday, 14 June, 2026 । 7:17 pm

নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খরমপুর গ্রামের বাসিন্দা চাঁদ সুলতানা (৬৫) দীর্ঘদিন ধরে তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিমের (৩৫) নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। সম্প্রতি সম্পত্তি তাদের নামে লিখে দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা মাকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে বয়স্কদের প্রতি নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ধামইরহাট থানাকে নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানার একটি দল খরমপুর গ্রামে অভিযান চালায়।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয়দের কাছ থেকে অভিযোগের সত্যতা সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত দুই ভাই দীর্ঘদিন ধরে তাদের মায়ের ওপর অমানবিক আচরণ ও নির্যাতন চালিয়ে আসছিল।

 

পুলিশ জানায়, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করলে ভুক্তভোগী বৃদ্ধার ওপর আরও নির্যাতনের আশঙ্কা ছিল। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্তব্য অপরাধ প্রতিরোধের স্বার্থে আব্দুল মমিন ও আব্দুল মুকিমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ধামইরহাট থানা পুলিশ।

স্থানীয় সচেতন মহল বৃদ্ধ মায়ের প্রতি এমন আচরণের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন