শিশু ধর্ষণের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, ধর্ষকের ফাঁসির দাবি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 18 June, 2026 । 2:09 pm

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কালাপুর ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত আনোয়ার হোসেনের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানান। পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ভুক্তভোগী শিশুর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৬ জুন সকালে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জান্নাত মাদ্রাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জোরালো হয়ে উঠেছে।

 

জাগো সংবাদ/আরাফাত/ছায়েদ আলী

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন