‎পেকুয়ায় গৃহবধূর হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 21 June, 2026 । 11:48 pm

‎কক্সবাজারের পেকুয়ায় গৃহবধূ কাজল রেখা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টায় পেকুয়া পৌরসভার সাবমেরিন নৌঘাঁটি সড়কের উত্তর গোঁয়াখালী এলাকায় স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

‎এর আগে নিহত কাজল রেখার জানাজা উত্তর গোঁয়াখালী এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভা।এলাকার চলন্ত মার্কেট থেকে মামা ভাগিনা স্টেশন সংলগ্ন মগনামা সাবমেরিন নৌঘাঁটি সড়কে এসে মানববন্ধনে মিলিত হয়।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সদস্য সচিব আবদুল মোনাফ, মানবাধিকার কর্মী আলা উদ্দিন আলো, গ্রাম পুলিশ কল্যাণ সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি হেলাল উদ্দিন এবং নিহত কাজল রেখার পিতা জসিম উদ্দিন।

‎মানববন্ধনে বিএনপি নেতা আবদুল মোনাফ বলেন,”বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় কাজল রেখার রহস্যজনক মৃত্যু পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হলেও এখনো প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি। দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।”

‎মানবাধিকার কর্মী আলা উদ্দিন আলো বলেন, “কাজল রেখার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। পরিবারের অভিযোগ অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার ছিলেন। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

‎নিহতের পিতা জসিম উদ্দিন আবেগঘন বক্তব্যে বলেন, “আমার মেয়েকে আর কোনোদিন ফিরে পাব না। তবে যারা আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছে, তাদের কঠোর শাস্তি দেখতে চাই। প্রশাসনের কাছে আমার একটাই দাবি—এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক।”

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিষ্পত্তির দাবি তোলেন। এ সময় নিহতের স্বজন, প্রতিবেশী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোরারপাড়া এলাকায় গৃহবধূ কাজ রেখার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ির রোকজন পলাতক রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক নির্যাতনের জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত কাজল রেখা (২০) ওই এলাকার বাসিন্দা মোঃ রাসেল প্রকাশ রাসেল মিকারের ছেলে রাজিবুল ইসলাম রানার স্ত্রী। তিনি পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকার গ্রাম পুলিশ জসিম উদ্দিনের মেয়ে।

 

জাগো সংবাদ/আরাফাত/এইচএমএস

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন