রংপুরের ​তারাগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়ারি ও ভিসা জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার, সরঞ্জাম জব্দ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 27 June, 2026 । 9:10 pm

রংপুরের তারাগঞ্জে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে অনলাইন ক্যাসিনো জুয়া ও ভিসা জালিয়াতির সাথে জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও জাল ভিসার হার্ড কপি জব্দ করা হয়। ​২৬ জুন (শুক্রবার) দিবাগত রাত ১১:৪৫ ঘটিকায় তারাগঞ্জ থানাধীন ০২নং কুর্শা ইউনিয়নের ‘ভাই ভাই টেলিকম’ নামক একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত যুবকের নাম আল ফরহাদ ইসলাম পাভেল (২২)। সে কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের জুলফিকার আলী ও পারভিন বেগমের পুত্র।

​পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায়ের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও গোপন সোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করে। অভিযুক্ত পাভেল তার পিতার মালিকানাধীন ‘ভাই ভাই টেলিকম’ দোকানের ভেতরে বসে এসব অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছিল। সেখান থেকেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং জব্দ তালিকা মূলে মালামাল উদ্ধার করা হয়। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত পাভেল দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার পাশাপাশি ইন্টারনেটে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড এবং ভিসা জালিয়াতি করে আসছিল। এভাবে সে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করেছে।

​অভিযানের বিষয়ে রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতির সাথে জড়িত। রংপুর জেলায় অনলাইন ক্যাসিনো জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।”

​ডিবি পুলিশ জানায়, এই ঘটনায় রংপুর জেলার তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/নয়ন মিয়া

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন