মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬ এর চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি চূড়ান্তভাবে মনোনীত ও অংশগ্রহণকারী প্রায় ৭০ জন কনটেন্ট ক্রিয়েটরকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলাশ চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ ও আল-আমিন এর সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মোছাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং বিশিষ্ট চিকিৎসক ডা. নাজিম আল কোরাশী রাফাতসহ অন্যান্য অতিথিরা।
আয়োজকরা জানান, ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড ২০২৬ এর জন্য গত ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে নিবন্ধন গ্রহণ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়। মনোনীতদের মধ্যে ২ মে বিকেল ৫টা থেকে ৬ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে মোট ১১ জন বিজয়ী নির্বাচিত হন।
ন্যাচারাল অ্যান্ড লাইফস্টাইল ক্যাটাগরিতে বিজয়ী হন ইউসুফ শাহরিয়ার, মো. আল আমিন ইসলাম, ফাহিম আহমেদ, রোকসানা আফরিন শিমু, তানভীর আহমেদ, শিশির ধর, রাদিয়ান হোসেন ও মো. শহিদ। এন্টারটেইনমেন্ট অ্যান্ড কমেডি ক্যাটাগরিতে বিজয়ী হন দীপ চক্রবর্তী। ফুড অ্যান্ড রেসিপি ক্যাটাগরিতে সেরা হন কাজী ফয়সল আহমেদ রিয়াদ এবং আদার্স (অন্যান্য) ক্যাটাগরিতে বিজয়ী হন মো. ফারহান তানভীর ফাহিম। পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অতিথি, বিজয়ী ও অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে কাঠাল, জাম, নিম ও কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রশংসায় ভাসছে।
প্রধান আয়োজক ও চায়ের জনপদ এর সম্পাদক ও প্রকাশক মোঃ তোফায়েল আহমেদ (পাপ্পু) বলেন, স্থানীয় ডিজিটাল মিডিয়া হিসেবে চায়ের জনপদ দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের ইতিবাচক সংবাদ, ঐতিহ্য, পর্যটন ও সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক, তথ্যভিত্তিক ও সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতেই এই আয়োজন করেন। তিনি জানান, প্রথম আয়োজনেই ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং নিয়মিতভাবে এই অ্যাওয়ার্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়উপযোগী ও ইতিবাচক উল্লেখ করে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটররাও এই সম্মাননাকে তাঁদের ভবিষ্যৎ সৃজনশীল কাজের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেন।
জাগো সংবাদ/আরাফাত/ছায়েদ আলী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 4 July, 2026 । 12:37 am