মাদারীপুরে ডিবি পুলিশের হাত থেকে বোমা হামলায় ছিনিয়ে নেওয়া হলো মাদক মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Monday, 6 July, 2026 । 11:21 pm

মাদারীপুরে একাধিক মামলার আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পারভেজ ব্যাপারীকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করার পর একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ব্যাপারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটকের পরবর্তী সময়ে পারভেজের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে সেই সুযোগে তারা পারভেজকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, পারভেজকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে একটি পুকুরপাড়ে নেওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা তার সহযোগীরা হঠাৎ একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে পারভেজকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং পলাতক পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

জাগো সংবাদ/আরাফাত/এস এম তানবীর

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন