ক্ষণিকের রাগে নিভে গেল কিশোরের জীবন: লক্ষ্মীপুরে ভাইয়ের হাতে ভাই নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 8 July, 2026 । 10:19 pm

লক্ষ্মীপুরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (১৪) একই গ্রামের জাফর আহমেদের ছেলে। অভিযুক্ত তার ছোট ভাই বাবু (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর একটি পোষা পাখি ছিল। বুধবার সকালে একটি বিড়াল পাখিটিকে মেরে ফেললে সে কান্নাকাটি করতে থাকে। একপর্যায়ে তাকে কান্না থামাতে বলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ক্ষোভের বশে বাবু ঘর থেকে একটি ছুরি এনে বড় ভাই আল-আমিনের বুকে আঘাত করে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত আল-আমিনকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন জুয়েল

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন