পেকুয়ায় প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে খাবার বিতরণ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 10 July, 2026 । 9:49 pm

কক্সবাজার জেলার উপকূলীয় পেকুয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে টানা চারদিন ধরে অত্যন্ত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার পেকুয়া পৌরসভা, পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বহু পরিবার চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে এবং তাদের পাশে দাঁড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে পেকুয়া উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে জরুরি ভিত্তিতে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত প্রান্তিক পরিবারগুলোর হাতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে রান্না করা খাবার জরুরি ভাবে তুলে দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন- পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এ এস এম নুরুল আক্তার নিলয়, পেকুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্বমকর্তা- মোঃ সালাউদ্দিন সোহেল, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম জিহাদী , রাজাখালী ইউপির এমইউপি গোলাম রহমান, পেকুয়া সদর ইউপির এমইউপি আজমগীর , মোঃ মানিক, দিদারুল ইসলাম, টইটং ইউপির এমইউপি মৌলভী আব্দুল হক সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

পেকুয়ায় বন্যায় প্লাবিত হওয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন দুর্গম এলাকা সরজমিনে পরিদর্শন করে যাচ্ছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।তিনি নিজেই পানিবন্দি সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান এবং তাদের বর্তমান অবস্থা ও সার্বিক খোঁজখবর রাখছেন।

দুর্যোগপূর্ণ পরিস্থিতি ও কার্যক্রম নিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তাদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহায়তা প্রদানে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো মানুষ যেন খাবারের কষ্টে না ভোগে, তা নিশ্চিত করা হচ্ছে। ধাপে ধাপে উপজেলার বিভিন্ন প্লাবিত পানিবন্দি পরিবারের মাঝে সহযোগিতা করা হবে।

তিনি আরো বলেন,পরবর্তী সময়ে চাহিদা ও পরিস্থিতি বিবেচনা করে আরও বড় ধরনের সরকারি সহায়তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা অত্যন্ত সন্তোষ প্রকাশ করে জানান, টানা ও অবিরাম বৃষ্টিপাতের ফলে অনেক নিচু এলাকায় পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে। এতে পরিবারগুলোতে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত দ্রুততার সঙ্গে রান্না করা খাবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ায় প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিকভাবে চরম‌ দুর্ভোগের মাঝেও কিছুটা স্বস্তি ও মানসিক শক্তি পেয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/শহীদুল 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন