নওগাঁর আত্রাইয়ে খুঁড়ে রাখা কচুয়া-বাজেধনেশ্বর সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 11 July, 2026 । 11:43 am

নওগাঁর আত্রাই উপজেলার কচুয়া-বাজেধনেশ্বর সড়ক চার মাস ধরে খুঁড়ে ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত পাঁচ গ্রামের হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি ও কাদার সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

জানা গেছে, কচুয়া, পাইকড়া, বড়াইকুড়ি, বাজেধনেশ্বরসহ আশপাশের গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়কটি পাকা করার জন্য ২০২৫-২৬ অর্থবছরে প্রকল্প নেওয়া হয়। প্রায় চার মাস আগে ঠিকাদার সড়কটি খনন করলেও এরপর থেকে কাজ বন্ধ রয়েছে।

এতে কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না। স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও অসুস্থ রোগীদের চলাচলেও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত সড়কের নির্মাণকাজ শেষ না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে। তারা অবিলম্বে কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার জানান, ঠিকাদারকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও কাজ শুরু না করায় কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/ফিরোজ 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন