রাণীনগরে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সড়ক মেরামতে এগিয়ে আসলেন উপজেলা বিএনপি

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Monday, 13 July, 2026 । 9:36 pm

নওগাঁর রাণীনগর উপজেলার সদর এলাকার গোডাউনের মোড়ের দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা বিএনপি। গুরুত্বপূর্ণ এ সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের ভোগান্তি কমাতে দলটির নেতাদের তত্ত্বাবধানে মেরামতকাজ চলছে।

সোমবার (১৩ জুলাই) সরেজমিনে দেখা যায়, রাণীনগর-নাটোর মহাসড়ক থেকে রাণীনগর বাজারে প্রবেশের অন্যতম প্রধান সংযোগ সড়ক গোডাউনের মোড় এলাকায় মেরামত কাজ চলছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলুর তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী অবস্থায় ছিল। ভারী বর্ষণ এবং মালবাহী ভারী ট্রাক চলাচলের কারণে সড়কের সিমেন্ট-পাথরের স্তর ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন স্থানে দেবে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছিলেন পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকরা।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটি নির্মাণের সময় নিম্নমানের রড, সিমেন্ট, খোয়া ও বালু ব্যবহার করায় অল্প সময়ের মধ্যেই এটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, সড়কটির ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের যানবাহন চলাচল এবং টানা বর্ষণের কারণে এর ক্ষয়ক্ষতি বেড়েছে। তবে মেরামতের জন্য রাস্তা পরিষ্কার করার সময় দেখা যায়, নির্মাণকাজে ব্যবহৃত রড, সিমেন্ট ও খোয়ার মানও ছিল নিম্নমানের। ফলে নির্মাণের বেশি দিন না যেতেই গুরুত্বপূর্ণ সড়কটি নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সড়কটির মেরামতকাজ শুরু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজুর ছোট ভাই নাদিম শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, রাণীনগর উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ও খট্টেশ্বর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হোসেন টনি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়হানুল হক রায়হান, খট্টেশ্বর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার সজিব হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাগো সংবাদ/আরাফাত/রায়হানুল হক

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন