নওগাঁর রাণীনগরে চার মাস আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ী থেকে পালিয়ে বিয়ে করেছিল জুথি আক্তার (২১)। কিন্তু হাতের মেহেদির রং না মুছতেই জীবন দিতে হলো তাকে।
পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধায় বিষের ট্যাবলেট খায় জুথি। রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এসময় স্বামী-শশুর হাসপাতালের বারান্দায় জুথির মরদেহ রেখে পালিয়ে যায়। এঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে জুথির স্বামী, শশুর ও শাশুড়ির বিরুদ্ধে শুক্রবার বিকেলে মামলা দায়ের করেছেন জুথির মা। জুথি নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মরুপাড়া গ্রামের প্রবাসী জয়নাল শেখের মেয়ে।
জুথির মা আরজিনা বেগম জানান, একই উপজেলার রাতোয়াল গ্রামের জিয়াউল হক জিয়ার ছেলে মোকাদ্দেছ আলী শুভ (২৩) সাথে মেয়ে জুথির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গত ১২ মার্চ তারা পালিয়ে বিয়ে করে। এরপর উভয় পক্ষ বসে পারিবারিক ভাবে সমঝোতা করে আত্মীয়তা শুরু হয়। কিন্তু শুভ’র কোন কর্ম না থাকায় এবং বেকার থাকায় প্রতিনিয়ত তাদের সংসারে ঝগড়া-ঝামেলা হতো। এসময় শুভ ও শুভর মা-বাবা আমার মেয়েকে নানা ভাবে তুচ্ছ-তাচ্ছিল করে মারধর করতো এবং বার বার আত্মহত্যায় প্ররোচিত করতো। মেয়ে এসব বিষয়ে আমাদেরকে জানালে মেয়েকে ধৈর্য ধরে সংসার করার জন্য পরামর্শ দিতাম। ভাবতাম হয়তো সব ঠিক হয়ে যাবে। এরই মধ্যে গত বৃহস্পতিবার আবারো আমার মেয়ের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে তাকে অশালীন ভাষায় গালাগালি করে এবং আবারো আত্মহত্যায় প্ররোচিত করে। শেষ পর্যন্ত মেয়েটি অপমান ও লজ্জা-শরমে লোকসমাজে মুখ দেখাতে না পেরে বিষের ট্যাবলেট খেয়ে বমি করতে থাকে। এসময় দেখতে পেয়ে মেয়ের স্বামী-শশুরেরা প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। শুভ মোবাইল ফোনে আমাকে জানালে দ্রুত হাসপাতালে ছুটে যাই। এর মধ্যে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মারা যায়। আরজিনা আরো বলেন, মেয়ে মারা যাবার সাথে সাথে মরদেহ হাসপাতালের বারান্দায় ফেলে রেখে সবাই পালিয়ে যায়। এ্যাম্বুলেন্স ভাড়া, হাসপাতালে চিকিৎসা খরচ কোনটায় দেয়নি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, জুথির মৃত্যুর ঘটনায় তার মা আরজিনা বিবি বাদী হয়ে তিনজনকে আসামী করে শুক্রবার বিকেলে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরো বলেন, জুথির মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Friday, 17 July, 2026 । 9:50 pm